গোল টেবিল বৈঠকে পোল্ট্রি নেতৃবৃন্দ দেশের ডিম ও মাংসের শতভাগ চাহিদা পূরণ করছে পোল্টি শিল্প
ঢাকা, জুলাই ৯ ॥ দেশ এখন মুরগির ডিম ও মাংসে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ শিল্প শুধু যে দেশের ডিম ও মাংসের শতভাগ চাহিদা পূরণ করছে তাই নয় গত কয়েক মাস থেকে অতিরিক্ত উৎপাদন হচ্ছে। দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানীর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে দেশীয় কোম্পানীগুলো। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘পোল্ট্রি শিল্প ও গণমাধ্যমের সহযোগিতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে দেশের পুষ্টি নিরাপত্তা এবং আগামীদিনের মেধাবী জাতি গঠনে, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে- পোল্ট্রি শিল্প এবং গণমাধ্যমের মধ্যে তথ্যের দ্বিমুখী প্রবাহ বাড়ানোর তাগিদ দেয়া হয়। পোল্ট্রি শিল্পের বিকাশ ও উন্নয়নে ব্র্যান্ড ইমেজ তৈরির উপরও গুরুত্বারোপ করা হয়।
যমুনা টেলিভিশনের হেড অব বিজনেস জাকারিয়া কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশনের এডিটর-ইন-চীফ ও প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্টি শিল্প সমন্বয় কমিটির (বিপিআইসিসি) আহ্বায়ক মসিউর রহমান। প্যানেল আলোচক হিসেবে সমকালের বিজনেস এডিটর জাকির হোসেন, ৭১ টেলিভিশনের দীপু হাসান, এবং বাংলাভিশনের শ্যামল বাংলার রেজাউল করিম সিদ্দিকী।
মূল প্রবন্ধে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় এক শতাংশ আসে পোল্ট্রি শিল্প থেকে। গার্মেন্টসের পর এটিই দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারি খাত। এ খাতে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত। কাঙ্খিত লক্ষ্য অর্জনে তিনি পোল্ট্রি বোর্ড গঠনের যৌক্তিকতা তুলে ধরেন। তাছাড়া পোল্ট্রি শিল্প সম্পর্কিত তথ্য-সমৃদ্ধ ডাটা ব্যাংক তৈরির উপরও জোর দেন ড. মোয়াজ্জেম।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, পোল্ট্রি একটি গুরুত্বপূর্ণ খাত হলেও এখনও অবহেলিত। যেহেতু এ খাতটি সাধারন মানুষের দৈনন্দিন খাদ্য চাহিদার সাথে সম্পর্কিত তাই স্বাভাবিক কারণেই গণমাধ্যমের সাথে এ শিল্পের যোগাযোগ আরও বাড়াতে হবে। তিনি বলেন, বিদেশী সম্ভাব্য বাজার অনুসন্ধানের পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্যও এখন থেকে কাজ করা উচিত।
ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান বলেন, সংবাদপত্র এবং টেলিভিশনের পাশাপাশি অন্যান্য সামজিক যোগাযোগ মাধ্যমগুলোও তথ্য প্রবাহের অন্যতম মাধ্যম হতে পারে। দেশীয় শিল্প রক্ষায় সরকারের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন বলেন, সরকারকে নীতিগত পরিবর্তন আনতে হবে। তবে গণমাধ্যমের তথ্য-চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পোল্ট্রি শিল্পকেই।
কাজী ফার্মস এর পরিচালক কাজী জাহিন হাসান বলেন, রিপোর্ট করার সময় পোল্ট্রি সংশ্লিষ্টদের সাথে কথা বললে গণমাধ্যমে ভুল কিংবা আংশিক তথ্য যাওয়ার সম্ভাবনা কমে যাবে।
গোলটেবিল বৈঠকের সভাপতি বিপিআইসিসি’র আহ্বায়ক মসিউর রহমান জানান, বর্তমানে এ শিল্পে বিনিয়োগের পরিমান ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। সরকারের সহযোগিতা পেলে ২০৩০ সাল নাগাদ বিনিয়োগের পরিমান হবে প্রায় ৫০ হাজার কোটি টাকা। ব্রিডার্স মহাসচিব সাইদুর রহমান বাবু বলেন, বর্তমানে মুরগির মাংসের দৈনিক চাহিদা ১৪০০ মেট্রিক টন অথচ উৎপাদিত হচ্ছে ১৫০০ মেট্রিক টন। ডিমের দৈনিক চাহিদা ১ কোটি ৫০ লাখ পিস সেখানে দৈনিক উৎপাদন হচ্ছে ১ কোটি ৬০ লাখ পিস। একদিন বয়সী মুরগির বাচ্চার সাপ্তাহিক চাহিদা ৮৫ লাখ পিস, উৎপাদন ৯৫ লাখ পিস। তিনি বলেন, বর্তমানে ভোক্তা একটি ডিম কিনছেন ৭ টাকায় যেখানে উৎপাদন খরচ প্রায় ৬.৫০ টাকা। খামারিরা প্রতিটি ডিম বিক্রি করছে মাত্র ৫.৫০-৫.৭৫ টাকায়। ওভার প্রোডাকশনের কারণে গত কয়েক মাস থেকে খামারিদের লোকসান গুনছেন।
ব্রিডার্স সভাপতি ফজলে রহিম খান শাহরিয়ার বলেন, পোল্ট্রি ফিডের বাৎসরিক চাহিদা ২২ লাখ মেট্রিক টন। এর মধ্যে বাণিজ্যিক ফিড মিলে উৎপাদিত হচ্ছে প্রায় ২০ লাখ মেট্রিক টন এবং লোকাল উৎপাদন প্রায় ৫ লাখ মেট্রিক।
গোলটেবিল বৈঠকে জানানো হয় বর্তমান বাজারে মুরগির মাংস ও ডিম সবচেয়ে নিরাপদ খাবার। মুরগীর বিষ্টা দিয়ে এখন বায়োগ্যাস ছাড়াও তৈরি হচ্ছে জৈব সার।