Bangladesh Poultry Industries Central Council

পোল্ট্রিশিল্প রক্ষায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান তিনমাসে লোকসান ৪ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী, খালেদা জিয়া ও এরশাদের কাছে স্মারকলিপি
Poultry News And Articles

পোল্ট্রিশিল্প রক্ষায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান তিনমাসে লোকসান ৪ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী, খালেদা জিয়া ও এরশাদের কাছে স্মারকলিপি

31 August, 2015
Poultry News And Articles

১১ ডিসেম্বর ২০১৩: রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, হরতাল-অবরোধের কারণে বিগত তিন মাসে পোল্ট্রিশিল্পে লোকসানের পরিমান চার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন পোল্ট্রি শিল্পের সাথে সংশ্লিষ্ট ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটি। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘মিট-দি-প্রেস’ অনুষ্ঠানে- সকল বিরোধের অবসান ঘটিয়ে অনতিবিলম্বে দেশে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন পোল্ট্রি নেতারা। 

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ কো-অর্ডিনেশন কমিটির আহ্বায়ক মশিউর রহমান বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতার কারনে পোল্ট্রি শিল্পে যে লোকসান হয়েছে তা বহন করার সামর্থ্য তাদের নেই। তিনি বলেন, প্রায় ৩০ শতাংশ খামার ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। আর যারা টিকে আছে তারা ঋণের দায়ে পথে বসতে চলেছে। ডিম ও মাংস উৎপাদনকারি পোল্ট্রি খামারি এবং ব্রিডার্স, ফিড প্রস্তুতকারক, ঔষধ প্রস্তুতকারক ও বিপননকারিসহ পোল্ট্রিখাতের অপরাপর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ঋণ পুণঃতফসিল করাসহ সুদ সম্পূর্ণরূপে মওকুফ করা; বন্ধ হয়ে যাওয়া খামারগুলো পুনরায় চালুর জন্য আর্থিক সহায়তা, পোল্ট্রি সেক্টরে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে আর্থিক প্রণোদনা এবং পোল্ট্রিখাতে সাম্প্রতিক সময়ে যে লোকসান হয়েছে তা পুষিয়ে দেয়ার জন্য সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানান জনাব মশিউর। 

ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) এর মহাসচিব সাইদুর রহমান বাবু বলেন, প্রায় ৩৫ টাকা খরচ করে যে বাচ্চা উৎপাদন করা হয় তা গড়ে মাত্র ১৫-২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ১১০-১২০ টাকায় এক কেজি ওজনের মুরগি তৈরি করে তা বিক্রি করতে হচ্ছে মাত্র ৭০-৮০ টাকায়। তিনি বলেন, প্রতি সপ্তাহে ব্রয়লার বাচ্চা (ডিওসি) উৎপাদিত হচ্ছে প্রায় ১ কোটি ২০ লাখ। হরতাল-অবরোধের কারণে অবিক্রিত থেকে যাচ্ছে প্রায় ৩০ শতাংশ বাচ্চা- বিগত তিন মাসে ক্ষতি প্রায় ১৬৪ কোটি টাকা। অবশিষ্ট ৭০ শতাংশ বাচ্চা উৎপাদন খরচের চেয়েও কম দামে বিক্রি করে লোকসান হয়েছে প্রায় ২১৮ কোটি টাকা। অর্থাৎ বাচ্চায় মোট ক্ষতির পরিমান ৩৮২ কোটি টাকা।

ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফিআব) এর সাধারন সম্পাদক ফজলে রহিম খান শাহ্রিয়ার বলেন, বিগত তিন মাসে প্রত্যাশিত উৎপাদন-চাহিদা ছিল প্রায় ৬ লাখ মেট্রিক টন। যার দাম প্রায় ২৪ শত কোটি টাকা। হরতাল-অবরোধের কারনে এখাতে ৩৫-৪০ শতাংশ চাহিদা কমে গেছে। অর্থাৎ লোকসানের পরিমান দাঁড়িয়েছে প্রায় ১০০০ কোটি টাকা।

বাংলাদেশ এগ প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী বলেন, প্রতি সপ্তাহে ডিম উৎপাদিত হয় প্রায় ১০ কোটি ৫০ লাখ পিস। হরতাল-অবরোধ জনিত কারনে নষ্ট হচ্ছে কিংবা অবিক্রিত থেকে যাচ্ছে ৩০ শতাংশ ডিম। ১৩ সপ্তাহে লোকসান হয়েছে প্রায় ২৬৬ কোটি টাকা। অবশিষ্ট ৭০ শতাংশ ডিম খামারিকে বিক্রি করতে হয়েছে গড়ে প্রায় ৫ টাকা দরে অথচ উৎপাদন খরচ ৬ টাকা।  সে হিসাবে তিন মাসে ডিম বিক্রি করে লোকসান হয়েছে প্রায় ৩৬৪ কোটি টাকা। অর্থাৎ শুধুমাত্র এখাতে বিগত তিন মাসে লোকসান হয়েছে প্রায় ৬৩০ কোটি  টাকা।

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা‘র (ওয়াপসা-বিবি) সাধারন সম্পাদক রফিকুল হক বলেন, কমার্শিয়াল ব্রয়লার মুরগির মাংসের মাসিক উৎপাদন প্রায় ৬০ হাজার মেট্রিক টন। তিন মাসে এখাতে লোকসান হয়েছে প্রায় ৯৭৫ কোটি টাকা।

এনিম্যাল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এর সাধারন সম্পাদক ডা. এম নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের পোল্ট্রি সেক্টরে প্রতিমাসে ঔষধের বাজার প্রায় ২৫০ কোটি টাকা। বর্তমানে এ বাজার ৬৩ শতাংশ সংকুচিত হয়েছে। গত তিন মাসে এখাতে লোকসানের পরিমান দাঁড়িয়েছে প্রায় ১৫৮ কোটি টাকা।  

এফবিসিসিআই -এর সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, রাজনীতির আগুনে পুড়ছে বাংলাদেশের পোল্ট্রিশিল্প। তিনি বলেন, ‘আমরা আশাকরি রাজনীতিবিদদের বোধদয় হবে এবং স্থিতিশীলতা ফিরে আসবে’। 


পোল্ট্রি নেতারা বলেন, এ শিল্প ধ্বংস হলে দারিদ্র ও বেকারত্ব বাড়বে, গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে, স্বাস্থ্যহীন ও অপুষ্টির শিকার মা ও শিশুর সংখ্যা বাড়বে, খাদ্য নিরাপত্তা হুমকীর মুখে পড়বে, মেধার বিকাশ বাধাগ্রস্ত হবে। তারা পোল্ট্রি খাদ্য, ডিম, মুরগি এবং ঔষধ বহনকারি গাড়ি হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার আহ্বান জানান। পুঁজি ও পেশার নিরাপত্তা দাবি করে পোল্ট্রি নেতারা আজ মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধিদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে স্মারকলিপি পেশ করেছেন।